বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে জীবিত অবস্থায় ধরে নিয়ে যাওয়ার প্রায় ১১ মাস পর আজিজুর রহমান নামে এক বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ মরদেহটি তেঁতুলিয়া মডেল থানা ও বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার সীমান্তবর্তী সাহানাবাদ এলাকার বাসিন্দা আজিজুর রহমানকে গত বছরের ১৪ মে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। এরপর থেকে তিনি ভারতে ছিলেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বাংলা নিউজ সেন্টারকে জানান, ভারতে নিয়ে যাওয়ার পর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন আজিজুর রহমান। গত ২২ মার্চ, ঈদের পরদিন তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, হাইকমিশনের প্রতিনিধি, বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে ভারতীয় পুলিশ আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
